প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর কি তবে সংগীতজগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এমনই আভাস দিয়েছেন এই তারকা গায়িকা। তার হঠাৎ ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, পাশাপাশি বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা।
সম্প্রতি নেহা কক্করের নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন নেহা। গানের কথা ও ভিডিওর দৃশ্যায়নকে ঘিরে নেটিজেনদের একাংশ অশালীনতার অভিযোগ তুলেছে। অনেকেই ধারণা করছেন, এই ধারাবাহিক ট্রলিং-ই হয়তো তার মানসিক চাপ বাড়িয়েছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা লেখেন, দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ। নেহার এই পোস্টে স্পষ্ট যে, তিনি শুধু গান বা কাজ নয়, জীবনের সমস্ত দায়বদ্ধতা এবং সম্পর্ক থেকেও দূরে সরতে চাইছেন। তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকটের ফল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শুধু অবসরের ঘোষণাই নয়, সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। নেহা লিখেছেন, ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।
Copyright © 2026 All rights reserved.